EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অ অ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনার বিষয়টাকে জাতীয় জীবনের জন্য দুঃখজনক মনে করেন তিনি। অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সংবিধানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন, আচার-অনুষ্ঠান ও উপাসনালয় প্রতিষ্ঠার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ধর্মের ভিত্তিতে বৈষম্যও নিষিদ্ধ। তাই প্রতি পূজায় নিরাপত্তা নিয়ে আলাদাভাবে আলোচনা করতে হওয়া দুঃখজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই সংখ্যাগরিষ্ঠ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের মানুষ বসবাস করেন। বাংলাদেশেরও সব নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘অতীতে আপনাদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা অনেকেই লুটেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস, রীতিনীতি ও আচার-অনুষ্ঠান রয়েছে। অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।


ভবিষ্যতে দুর্গাপূজাসহ সব ধর্মের উৎসব যেন মানুষ স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে এক লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আইজিপি বলেন, একটি রাজনৈতিক দল পূজা নিয়ন্ত্রিতভাবে আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ করছে, যা দুঃখজনক। কেউ কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে। তবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আরও পড়ুন