প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার রংপুর সিটি প্রশাসকের
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ এএম
ছবি: সংগৃহীত
রংপুর সিটি করপোরেশনের ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ডন বলেন, প্রকল্প দুটি বাস্তবায়নের কৃতিত্ব তিনি রংপুর নগরবাসী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উৎসর্গ করছেন। সবার সহযোগিতা ছাড়া প্রকল্প দুটি আনা সম্ভব হতো না। সবাইকে সঙ্গে নিয়ে রংপুর নগরীকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।
প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরে প্রশাসক বলেন, এটি অত্যন্ত কঠিন কাজ। সবাই ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই প্রকল্প দুটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, কোনো কিছু অর্জনের পর তা যথাযথভাবে ধারণ ও বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ। প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়ায় নগরবাসী আনন্দিত হলেও সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি স্বস্তি পাচ্ছেন না। বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নগরবাসীর দুর্ভোগ কমানোই এখন বড় দায়িত্ব।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মচারীরা প্রশাসক ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন তিনি।
-6ad125b41f6b6.jpg)