নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম
লুৎফুজ্জামান আলিফ ফকির। ছবি: সংগৃহীত
এগারো মাস আগে দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে জখম হয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এবার নেত্রকোনার দুর্গাপুরে তাঁকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।
পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে এসেছিল। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে আমি গুলির শব্দ শুনি। আমি ভয় পেয়ে দোকানের ভেতরে চলে যাই।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
-6ad107c229bbb.jpg)