EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার আদাবরে এলাকাবাসীর অংশগ্রহণে স্বল্প পরিসরে সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ৩০ নম্বর ওয়ার্ডে হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, যানবাহনের চাপ এবং সবুজ ও উন্মুক্ত স্থানের স্বল্পতার কারণে ঢাকায় বসবাস ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আদাবর এলাকাকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিশন পল্লী স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের ব্রাঞ্চ ইনচার্জ মো. আব্দুল কাদির, মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্রাঞ্চ ইনচার্জ মো. কাওসার আহমেদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা ও মো. ইমরান মিয়া। এ ছাড়া মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। 

বক্তারা বলেন, রাস্তার পাশে অব্যবহৃত জায়গা, ফুটপাতের প্রান্ত, ভবনের সামনের খালি অংশ, আবাসিক এলাকার উন্মুক্ত স্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় স্থানীয় পরিবেশের উপযোগী গাছপালা ও লতাগুল্ম লাগানো যেতে পারে।

তাঁরা বলেন, ছোট ছোট সবুজ স্থান নগরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তাপমাত্রা কমাতে, ধুলাবালি নিয়ন্ত্রণে এবং পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগ আদাবরকে আরও বাসযোগ্য করে তুলতে এবং এলাকার টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন