EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪২ জেলায় অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

৪২ জেলায় অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪২ জেলায় পরিচালিত এ অভিযানে ১২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৫৬টি দল একযোগে বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজারে তদারকি চালায়। বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য, ক্রয়-বিক্রয়ের ভাউচার, মূল্যতালিকা এবং ওজন ও পরিমাপ যাচাই করা হয়। এ সময় অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দাম আদায় ও সরবরাহে অনিয়ম ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ফলের বাজারে পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করা হয়। পাশাপাশি ন্যায্য দামে ফল বিক্রি ও পণ্যের মান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। 

অধিদপ্তর জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ কিংবা পণ্যের স্বাভাবিক সরবরাহে বাধা দেওয়া যাবে না।

এদিকে কেনাকাটার সময় মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং মোড়কজাত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনাকাটার রশিদও সংরক্ষণ করতে বলা হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি, ভেজাল বা অন্য কোনো প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন