ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬১টি ফ্লাইটের চলাচল ব্যাহত। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এসব ট্রানজিট ফ্লাইটে অন্য দেশ থেকে যাত্রীদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল বা চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের ঢাকা থেকে নেওয়া সম্ভব হয়নি।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার পর ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এতে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
-6ac73fa62a8a9.jpg)