EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট নিয়ে বাংলাদেশ-ইন্দোনেশিয়া আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট নিয়ে বাংলাদেশ-ইন্দোনেশিয়া আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করা, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল নিয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া বিপুলসংখ্যক পর্যটকের ভ্রমণসুবিধা, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।


এ ছাড়া তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন