EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।

সোমবার  (১২ অক্টোবর) ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। তাঁরা জিএম কাদেরের বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের ব্যানারে জিএম কাদেরের গ্রেপ্তার দাবি করে লেখা ছিল, ‘জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’। 

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে। তাঁদের দাবি, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল।

বিক্ষোভকারীরা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসন হতে দেওয়া উচিত নয়। তাঁরা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন