'জিঘাংসামূলক রাজনীতিতে নয়, সহাবস্থানে বিশ্বাসী জাতীয় পার্টি'
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি প্রতিহিংসা ও জিঘাংসামূলক রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলই প্রতিযোগী, কোনো দলই জাতীয় পার্টির শত্রু নয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সব রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় পার্টি সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং জাতীয় স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
প্রস্তুতি সভায় জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, জসিম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, চেয়ারম্যানের উপদেষ্টা সাহাবুদ্দিন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন তোতা, শরফুদ্দিন আহমেদ শিপু, আনোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম মহাসচিব মাওলানা আল জুবায়ের, এস এম হাসেম, অ্যাডভোকেট বায়জিদ, জিয়াউর রহমান বিপুল, আব্দুস ছাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।