পূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিতে মন্ত্রীর নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে ঘরমুখী ও ভ্রমণপ্রত্যাশী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১১ অক্টোবর) বেলা ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে হবে। পাঁচ দিনের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে মানুষের যাতায়াত বাড়বে। এ সময় সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সবার অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উৎসবের আনন্দ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এবং ছুটিতে ভ্রমণকারীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
সভায় ছুটিতে অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু, প্রয়োজনীয় সংখ্যক ফেরি প্রস্তুত রাখা, অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন।
এ ছাড়া ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িকভাবে মেরামত করে চলাচলের উপযোগী রাখা, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীচাপ বিবেচনায় তিন জোড়া বিশেষ ট্রেন চালু এবং অন্যান্য রুটে অতিরিক্ত কোচ যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য জনসমাগম ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং সড়ক, রেল ও নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বাস মালিক সমিতি এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পাঁচ দিনের ছুটিতে মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন।

