EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গ্রামীণ সড়ক নির্মাণে তিন বছরের জামানতের সুপারিশ সংসদীয় কমিটির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

গ্রামীণ সড়ক নির্মাণে তিন বছরের জামানতের সুপারিশ সংসদীয় কমিটির

ছবি: সংগৃহীত

অ অ

গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়, গ্রামীণ সড়ক নির্মাণের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নিতে হবে। পাশাপাশি নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং তদারকি জোরদার করতে হবে। 

বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে কমিটি। এ জন্য উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ আরও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে কমিটি।

এ ছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম তুলে ধরা হয়। সরকারের গত ১৮০ দিনে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে জানানো হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিবদ্বয়, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন