দেশজুড়ে অভিযানে ৮৭ প্রতিষ্ঠানকে ৭.৭১ লাখ টাকা জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৬টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়। এ সময় গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
অধিদপ্তর জানায়, তদারকির সময় পণ্যের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য তৈরি ও বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের দোকানে চোখে পড়ে এমন স্থানে সঠিক মূল্যতালিকা টাঙানো, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং কেনাবেচার রশিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুত, কৃত্রিম সংকট তৈরি ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। এতে বাজারে পণ্যের স্বাভাবিক চাহিদা ও সরবরাহ বজায় রাখতে সহায়তা হবে বলে জানানো হয়। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই এবং কেনাকাটার রশিদ সংগ্রহ করতেও বলা হয়েছে।
পণ্য কিনতে গিয়ে অতিরিক্ত দাম নেওয়া, প্রতারণা বা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় দেশজুড়ে নিয়মিত তদারকি ও অভিযান চলবে।
