EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেপ্টেম্বরে নিরাপদ খাদ্য আইনে ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

সেপ্টেম্বরে নিরাপদ খাদ্য আইনে ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সেপ্টেম্বর মাসে সারাদেশে মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময়ে ৭১টি অভিযানে মোট ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা এবং ৪৪টি মামলা করা হয়েছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়।

সেপ্টেম্বরে ঢাকা মহানগরে ২৬টি অভিযান চালানো হয়। এর মধ্যে ১২টি প্রতিষ্ঠানে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং ১৪টি মামলা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থতার মতো অনিয়ম পাওয়া যায়।

ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ২৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৪৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৩০টি মামলা করা হয়। এসব প্রতিষ্ঠানে পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়াতেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা-ছারপোকার বিচরণ, অনুমোদনহীন ঘি ব্যবহার, বিরিয়ানি তৈরিতে কেওড়াজল ব্যবহার, পণ্যে লেবেল না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের মতো অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়া বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে ৩১টি প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি মনিটরিং কার্যক্রমও জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩০৭টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়।


এসব কার্যক্রমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময়ে রপ্তানিযোগ্য তিনটি পণ্যের স্বাস্থ্যসনদও দেওয়া হয়েছে।

জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম চালিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ টেলিভিশনে সচেতনতামূলক টিভিসি ও স্ক্রলবার্তা এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক অডিওবার্তা প্রচার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও বিপণন এবং ভোক্তার করণীয় বিষয়ে নিয়মিত প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন