EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, ডিসেম্বরে কাজ শুরুর পরিকল্পনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, ডিসেম্বরে কাজ শুরুর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে। এ জন্য ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে। তবে প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি। সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে নির্মাণকাজ শুরুর লক্ষ্য রয়েছে সরকারের।

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রকল্পের নকশা দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেগুলো বিবেচনায় নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। গণপূর্ত অধিদপ্তর নতুন ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি নকশা তৈরি করেছে। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ জন্য প্রয়োজনীয় তথ্য গণপূর্ত অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে নির্মাণকাজ শুরু করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এ কাজের উদ্বোধন করবেন—এমন নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রথম ধাপে তিন বছরের মধ্যে কয়েকটি মন্ত্রণালয় নতুন সচিবালয়ে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। তবে পুরো কমপ্লেক্স নির্মাণে চার থেকে পাঁচ বছর লাগতে পারে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। আগামী ডিসেম্বরে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য থাকলেও ওই সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সচিবালয়ের জন্য প্রধানমন্ত্রীর সামনে তিনটি বিকল্প নকশা উপস্থাপন করা হয়েছে। প্রকল্প অনুমোদনের পর গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

বর্তমান সচিবালয় চত্বরে পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরেরও পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই।

আরও পড়ুন