EN ☀️
×

Follow Us

রাজনীতি

ইসি সচিবালয়ে দলীয় ব্যক্তি নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

ইসি সচিবালয়ে দলীয় ব্যক্তি নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
অ অ

বাংলাদেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে মো. সামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এ নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ভিত্তি হলো নিরপেক্ষতা ও জনগণের আস্থা। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দাবি, সামসুল আলম অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। অবসরের পর তিনি বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে বলা হয়, এমন একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে কেউ পেশাগত জীবনে বঞ্চনার শিকার হয়ে থাকলে বিধি অনুযায়ী পদোন্নতি বা প্রাপ্য সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তবে অবসরের পর প্রত্যক্ষভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত ৬৭ বছর বয়সী একজন ব্যক্তিকে আবারও এই স্পর্শকাতর প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় অতিরিক্ত সচিবের প্রত্যক্ষ ভূমিকা থাকে। তাঁর ভাষ্য, যিনি এত দিন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ছিলেন, তাঁর অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিত্বের এই নিয়োগকে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল উৎসবমুখর পরিবেশে প্রচার ও উদ্‌যাপন করছে। জামায়াতের দাবি, এটি নির্বাচন কমিশনকে পুনরায় বিএনপির প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টার ইঙ্গিত দেয়।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

আরও পড়ুন