১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসী আবারও উদ্যানটি ব্যবহারের সুযোগ পাবেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে সেখানে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে পারবেন।
তিনি জানান, আধুনিকায়ন করা উদ্যানে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও জলধারার ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধাও রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সচিবালয়ের পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ এই উদ্যানের সৌন্দর্য বাড়ানো ও পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে ১৯ অক্টোবরই উদ্যানটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
