EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর টহল

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও সদস্য মোতায়েন করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর টহল

ছবি: সংগৃহীত

অ অ

মা ইলিশ সংরক্ষণে দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের কঠোর অভিযান। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ থাকবে। অভিযান সফল করতে সমুদ্র, উপকূলীয় এলাকা ও নদ-নদীতে নৌবাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সমুদ্রের নির্ধারিত মাছ ধরার এলাকাতেও সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।

ইলিশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযান ও অবৈধ শিকারিদের ওপর নজর রাখতে নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সমুদ্র, উপকূলীয় এলাকা, অভ্যন্তরীণ নদ-নদী ও ইলিশের প্রজননস্থলে নৌবাহিনীর জাহাজ, নৌযান ও সদস্য মোতায়েন রয়েছে।


অভিযান পরিচালনায় স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী। মা ইলিশ রক্ষায় অবৈধভাবে ইলিশ আহরণ এবং বিদেশি ট্রলার প্রবেশের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

ইলিশের প্রজননস্থল ও মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।

আরও পড়ুন