দেশে প্রাথমিক বিদ্যালয় সংখ্যা বৃদ্ধির সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের খাতভিত্তিক বাজেট, বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।
আলোচনায় কমিটির সদস্যরা সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ জন্য প্রয়োজন অনুযায়ী নতুন বিদ্যালয় স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়।
যেসব এলাকায় বিদ্যালয়ের সংখ্যা কম, সেসব এলাকায় শিশুদের ভর্তির সুযোগ বাড়াতে অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের বিষয়েও গুরুত্ব দিয়েছে কমিটি। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা পর্যায়ে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে কমিটি। বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ফিডিং কার্যক্রমে গুণগত মান নিশ্চিত না হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে বিদ্যালয় পরিদর্শনের ওপরও গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। বিদ্যালয় চালু থাকা অবস্থায় কমিটির সদস্যদের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার পরিবেশ ও বিদ্যমান সমস্যাগুলো সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
