EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ঠেকাতে সংসদীয় কমিটির নজরদারির সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ঠেকাতে সংসদীয় কমিটির নজরদারির সুপারিশ

ছবি: সংগৃহীত

অ অ

উন্নয়ন ও অবকাঠামোগত নির্মাণকাজে ঠিকাদাররা যাতে কোনোভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে যথাযথ ও কঠোর নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশ নেন।

বৈঠকে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সাহায্য-সহযোগিতা ও বরাদ্দ যেন যথাযথভাবে বিতরণ করা হয় এবং আশ্রয়কেন্দ্রগুলো সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখা হয়—এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত করে স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন