EN ☀️
×

Follow Us

রাজনীতি

টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস বিরোধীদলের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস বিরোধীদলের

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর-শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা তাদের রাজনৈতিক সংস্কৃতি নয়। তারা গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে চান। সরকারের যেসব উদ্যোগ জনস্বার্থ ও দেশের কল্যাণে হবে, সেসব কাজে সহযোগিতা করা হবে। আর যেসব সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে, সেসব বিষয়ে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনা করা হবে এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।’

তিনি বলেন, বিটিএমএর নেতারা টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। আমীরে জামায়াত বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং খাতটির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, আলোচনায় রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ এবং সরকারি রাজস্ব সুরক্ষার বিষয় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য  মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন