দেশের সব মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের মসজিদগুলোতে ব্যবহারের জন্য রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারি খরচে হজ গমনেচ্ছুদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সিলেট-৫ আসনের এমপি মোহাম্মদ আবুল হাসান, আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর ভিশন-মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনার সময় মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবস্থাপনা ও বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়নের পাশাপাশি মসজিদের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেন তারা।
অন্যদিকে, সরকারি অর্থে হজ পালনের সুযোগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। সরকারি খরচে কারা, কী প্রক্রিয়ায় এবং কোন নীতির ভিত্তিতে হজে যাবেন—এ বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো থাকা প্রয়োজন বলে বৈঠকে মত দেন সদস্যরা। এ জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
