EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জে ঘুষ গ্রহণ নিয়ে মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

হবিগঞ্জে ঘুষ গ্রহণ নিয়ে মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

ছবি: সংগৃহীত

অ অ

ঘুষ গ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস হোসাইন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ গ্রহণ নিয়ে তিনি কথা বলেন। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁর ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন।

সোমবার রাত ১০টার দিকে ‘ITV’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।


১৩ সেকেন্ডের ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু রটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতেই তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলার তদন্তের সময়ও এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। তিনি মামলার বিবাদীপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ ও ভয়ভীতি দেখিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন