EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় ভুয়া পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ডেইলি সান রিপোর্ট, কসবা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

কসবায় ভুয়া পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক শরীফ উদ্দিন রেজভী (৩২) কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কপি মোবাইলে ছবি তুলে তা প্রিন্ট করে মামলার বাদী ও বিবাদীদের বাড়িতে গিয়ে নিজেকে পিবিআই সদস্য পরিচয় দিতেন। পরে মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

রবিবার বিকেলে শ্যামবাড়ী গ্রামের একটি মামলার কপি নিয়ে সেখানে যান শরীফ। তার পরনে পুলিশের নেভি ব্লু প্যান্ট ও বুট জুতা ছিল। একটি দোকানের সামনে গিয়ে এক ব্যক্তির ঠিকানা খোঁজার সময় স্থানীয় আইনজীবী নয়ন নাজিরসহ কয়েকজনের সন্দেহ হয়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পিবিআই সদস্য দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় সবার সন্দেহ বাড়ে।

পরে তিনি নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরি দাবি করেন। এ সময় কম্পিউটারে তৈরি একটি কথিত মুহুরি পরিচয়পত্র দেখান। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিভিন্ন মামলার কপি সংগ্রহ করে বাদী-বিবাদীদের মামলা জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন