ডেঙ্গু রোধে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার এই কর্মসূচি পালিত হচ্ছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
টিএসসিতে ডিএসসিসির ক্লিনিং ডে’র উদ্বোধনে অতিথিরা। ছবি: সংগৃহীত
ঢাকার বায়ুদূষণ, অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে শহরের সর্বস্তরের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
শনিবার (৩ অক্টোবর) ঢাবির টিএসসিতে আয়োজিত ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার এই কর্মসূচি পালিত হচ্ছে।
প্রশাসক বলেন, ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতিকে পথ দেখিয়েছে। বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো গুরুত্বপূর্ণ স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় ডিএসসিসি ২০০টি ডাস্টবিন বসিয়েছে এবং প্রয়োজনে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে। অনুষ্ঠানে ডিএসসিসি ও ঢাবি ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রমের কথা উল্লেখ করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
উদ্বোধনের পর টিএসসি থেকে জনসচেতনতামূলক র্যালি শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। সেখানে ২০০ ডাস্টবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
একই দিন মুগদায় জনসচেতনতামূলক সমাবেশে প্রশাসকের সঙ্গে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এরপর তাঁরা মান্ডা খাল পরিদর্শন এবং সেখানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালান। এছাড়া, হায়দার আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
পাশাপাশি ডিএসসিসির ৭৫ ওয়ার্ডেই একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।