ভোলায় ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮, ৭ জনের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, ভোলা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভোলার সদর থানার পশ্চিম ইলিশা এলাকায় মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জনকে আটক করা হয়।
পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি আটক ব্যক্তিদের মধ্যে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা বালুখেকোদের হাত থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
