টেলিটকের সেবার মান বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
টেলিটকের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী টেলিযোগাযোগ সেবা, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে ইন্টারনেট সেবার ব্যয় কমানো, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিটিসিএলের অব্যবহৃত সম্পদ কার্যকরভাবে ব্যবহার এবং ডাক বিভাগের পার্সেল সেবা বাড়ানোর বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।
এ ছাড়া গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে কলসেন্টারের কার্যক্রম আরও গতিশীল করা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও জোর দেয় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
