অন্তর্বর্তী সরকারের তুলনায় এখন নৈরাজ্য কমেছে: তথ্য উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতার ঘটনা কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যে পরিস্থিতির মধ্যে পুলিশ বাহিনীকে পেয়েছে, সেটি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তার মতে, বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমেছে।
তবে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে বলেও স্বীকার করেন তিনি। বলেন, ‘যেখানে যেখানে ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বর্তমান সরকারের সময় অপরাধের সংখ্যা অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কম—এমন দাবি করে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর সরকার একটি ‘ধ্বংসপ্রাপ্ত বা বিধ্বস্ত’ পুলিশ বাহিনী পেয়েছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে আগের সময়ের তুলনা করছেন।
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন নৈরাজ্য ও সহিংসতার ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, সে সময় বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা, মাজার ভাঙচুর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন বন্ধের মতো ঘটনা ঘটেছে।
বর্তমান সরকারের সময়ও কয়েকটি নৈরাজ্যের ঘটনা ঘটেছে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, ‘এই সময় দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা ঘটাও উচিত হয়নি।’ তবে অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে দেশে এলপিজির কোনো সংকট নেই বলেও জানান তথ্য উপদেষ্টা।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। সাইবার সুরক্ষা আইন প্রণয়ন হলে অপতথ্যও অনেকটা কমে আসবে বলে সরকার আশাবাদী বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান।