ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, দুজনের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানো নিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে নারীসহ দুজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৩০০ ফিট সড়কে উল্টো পথে আসা মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তারা সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, উল্টো পথে চলাচলের কারণ জানতে চাইলে দুজন সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাদের বাকবিতণ্ডার দৃশ্য দেখা যায়। একপর্যায়ে নারী আরোহী সার্জেন্টের দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
পরে সরকারি কাজে বাধা ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের আটক করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা কিংবা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
