EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাধ্যতামূলক, জোনের বাইরে চললেই নজরদারি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাধ্যতামূলক, জোনের বাইরে চললেই নজরদারি

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার লাগাম টানতে নিবন্ধন বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে জোনভিত্তিক চলাচল, জিপিএস ও জিও-ফেন্সিংয়ের মাধ্যমে নজরদারির প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্দিষ্টসংখ্যক রিকশা চলবে। এক জোনে নিবন্ধিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তির পাশাপাশি রিকশায় আলাদা রং ও জোনভিত্তিক নম্বর কোড ব্যবহারের প্রস্তাব রয়েছে।

৮ লাখ রিকশার প্রস্তাব

নথিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকায় প্রায় ১৫ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যেগুলোর নিবন্ধন নেই। প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ফিডার সড়কে ৮ লাখ করে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদন দেওয়া হতে পারে। এসব রিকশা প্রধান সড়কে চলতে পারবে না।

এক এনআইডিতে পাঁচ রিকশা

খসড়া পরিকল্পনায় একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধনের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিটি রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল হবে সর্বোচ্চ ১০ বছর।


দুই আসনের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। চালকদের বয়স ১৮ থেকে ৬৫ বছর এবং পাঁচ বছরের লাইসেন্সের ফি ৫০০ টাকা রাখার কথাও বলা হয়েছে।

নতুন রিকশা ও ব্যাটারি সোয়াপিং

পরিকল্পনায় বুয়েট অনুমোদিত নতুন রিকশা নিবন্ধনের পাশাপাশি পুরোনো রিকশা বদলে নতুন রিকশা নেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে। দেশীয় দুই আসনের নতুন রিকশার সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া নির্দিষ্ট চার্জিং পয়েন্টের পাশাপাশি সাবস্ক্রিপশনভিত্তিক ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। চার লাখ রিকশার জন্য এক হাজার থেকে ছয় হাজার সোয়াপিং স্টেশন প্রয়োজন হতে পারে। প্রতিটি স্টেশন স্থাপনে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা।

তবে এসব উদ্যোগ এখনো প্রস্তাব ও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের পরই এর বাস্তবায়ন শুরু হবে।

আরও পড়ুন