ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড
তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
ফাইল ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. রেজাউল করিমকে (৪৫) ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই সুমন কুমার চ্যাটার্জী তিন দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রেজাউল করিম সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল হিসেবে কর্মরত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ থেকে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া ৫ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে রেজাউল করিমের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
