EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কারাগারে ফেরার পথে শৌচাগারে গিয়ে উধাও ‘পিচ্চি রাজা’, ৫ পুলিশ বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

কারাগারে ফেরার পথে শৌচাগারে গিয়ে উধাও ‘পিচ্চি রাজা’, ৫ পুলিশ বরখাস্ত

ছবি: সংগৃহীত

অ অ

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়েছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা বলেন।

পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।

ঘটনার পর প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণ ও ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ কমিশনার জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটি তদন্ত করবে।

মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করা হয়।


সূত্রের দাবি, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

পুলিশের ওই সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

এদিকে পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন