সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, জমি নিয়ে বিরোধের সন্দেহ পুলিশের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
রাজধানীর ইসিবি চত্বরের নিউ গ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম। এ সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে কিছু লোক দলবদ্ধভাবে এসে সেখানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন) ও অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশের আরও কয়েকটি দল কাজ করছে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের একজনের নাম মামুন। তার বাড়ি গফরগাঁওয়ে এবং তিনি ভাসানটেক বস্তিতে থাকেন। আরেকজন আসলাম, তার বাড়ি টাঙ্গাইলে। তিনি অটোরিকশা চালান। অপরজনের নাম মুন্না, তিনিও ভাসানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তথ্য পাওয়ার পর হামলার কারণ স্পষ্ট করে বলা যাবে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বিষয়ে তিনি বলেন, নিউ গ্রিনি প্রপার্টিজ একটি হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত। এতসংখ্যক লোক একসঙ্গে রাতে সেখানে আসায় পুলিশের প্রাথমিকভাবে ধারণা, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তবে কার সঙ্গে কার বিরোধ, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে।
নিউ গ্রিনি প্রপার্টিজের সঙ্গে সংশ্লিষ্ট সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, এ মুহূর্তে পুলিশের কাছে চাঁদা দাবি বা এ ধরনের কোনো তথ্য নেই। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।
রাজধানীতে একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনা ঘটছে—এমন প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, প্রতিটি ঘটনা ঘটার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, নিউ গ্রিনি প্রপার্টিজের ঘটনাতেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।