সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অনিকের বিরুদ্ধে ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রের দাবি, মিরপুরের শাহাদাত ও ইব্রাহিমের সঙ্গে অনিকের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের হয়ে অনিক এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
অনিকের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে ডিবি জানিয়েছে।
অনিককে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান বলেন, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
