বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ছয়জনসহ মোট ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতি মেম্বারের ভাতিজা আমির হোসেন ও মুক্তারের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে সেফু সরকার ও আজগর আলী সরকারের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। ভোররাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এ সময় গুলির ঘটনাও ঘটে।
সংঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন বলেন, পূর্ববিরোধের জের ধরে ভোররাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
