EN ☀️
×

Follow Us

কূটনীতি

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগ চায় বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগ চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ প্রত্যাশা করছে বাংলাদেশ। এ সংকট সমাধানে জাতিসংঘকে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।

সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। আইরিন খান বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী দেশগুলোর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন ও সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন আইরিন খান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা, কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা।


দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে বসবাসের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রায় নয় বছর ধরে তারা সেখানে আছেন। শিবিরে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে। প্রতি বছর সেখানে প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে উল্লেখ করে আইরিন খান বলেন, এর সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন চান।

বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের উচিত সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনা। সেখানে বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশ এবং মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে কিংবা সংকট সমাধানে অর্থায়নের সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোকেও যুক্ত করা প্রয়োজন।

মিয়ানমারকে নিজ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালনে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন আইরিন খান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ভেতরে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশের এই রাষ্ট্রদূত। তার মতে, মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি দীর্ঘস্থায়ী এই সংকটের রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন