শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে সুনাগরিক হও: নায়াব ইউসুফ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: ডেইলি সান
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে নায়াব ইউসুফ তাদের মেধা ও মননের বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অনুকরণীয় চরিত্র গঠন ও সুশিক্ষা অর্জনের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
এর আগে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি ও শিক্ষকরা।
কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাতীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা সুলতানা ও শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক তামান্না বাসার রোলী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনালসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-6ab52f03ab5a1.jpg)