মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে মুজিবুর রহমানের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা নিয়ে দেশটির রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে ব্যাংকিং জটিলতা, মৃত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশিদের বৈধকরণ কিংবা সহজে দেশে ফেরার ব্যবস্থা, কনস্যুলার সেবা, কর্মসংস্থান এবং নিয়োগপ্রক্রিয়ায় সিন্ডিকেটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রবাসীদের বক্তব্য শোনার পর অধ্যাপক মুজিবুর রহমান এসব সমস্যা সমাধানে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় হাইকমিশনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো তিনি জাতীয় সংসদে তুলে ধরবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।