বরিশাল মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণের অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: ডেইলি সান
বরিশাল-ঢাকা মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের পর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। তবে পুলিশ জানিয়েছে, মিছিলটি কোন দল বা গোষ্ঠীর ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তরসংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোরের দোকানি মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা বিক্রেতা বলেন, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে তাকিয়ে কয়েকজনকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলে যেতে দেখেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের মধ্যে বিস্ফোরণের কিছু আলামত দেখা গেছে। তবে আশপাশে আর কোনো আলামত পাওয়া যায়নি। শব্দের উৎস কী ছিল, তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে মিছিলের খবরও পাওয়া গেছে। তবে মিছিলটি কোন দল বা গোষ্ঠী করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করছে পুলিশ।
