EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যে দলই নাশকতা করবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

যে দলই নাশকতা করবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে: প্রিন্স

ছবি: ডেইলি সান

অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিরোধিতা করার অধিকার সবার আছে। তবে বিরোধিতার নামে এমন রাজনীতি করা উচিত নয়, যাতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতার সুযোগ তৈরি হয়। যে দলই নাশকতা করবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা এবং বিরোধী দলগুলোর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধানমহালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে অন্য বিরোধী দলগুলোরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই।


ইয়াসির খান চৌধুরী বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তাদের নাশকতার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি জনগণকে নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র সরকারের কার্যক্রম নস্যাৎ করতে পারবে না।

সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্যসচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালুয়াঘাট শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন