সাইবার নিরাপত্তা নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রযুক্তি নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হবে। এরপর তিনি বাংলাদেশ ছাড়বেন। এ সময় তিনি চীনের জননিরাপত্তামন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
চীনের জননিরাপত্তা বিষয়ক একটি ফোরামে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য আমন্ত্রণও জানান তিনি। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অভিবাসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন রয়েছে।
চীনের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব তৈরির কাজ চলছে।
সাইবার অপরাধ মোকাবিলায় চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেন ইয়াও ওয়েন। একই সঙ্গে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের চীন সফরের পরামর্শ দেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পাঠানো হবে। দলটি দেশটির সাইবার ল্যাব ও প্রযুক্তি দেখবে। পরে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে প্রস্তাব তৈরি করবে।
বৈঠকে বাংলাদেশে থাকা চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে থাকা চীনা নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
