অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করতে সব সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার দ্রুত শেষ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করতে পারব। বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করব।’
তিনি জানান, অপ্রতিমের কাছে থাকা মোবাইল ফোনটি ইতোমধ্যে সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
১৩ বছরের অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে রোববার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন অংশ নেন।