অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, কুবিতে প্রথম জানাজা সকাল ১০টায়
ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর তার বাবার বাড়ি চাঁদপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ রাজু।
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
ওসি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তাকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা ছিলেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। প্রায় আধা ঘণ্টা পর, সাড়ে ৭টার দিকে আটক করা হয় ফাহিমকে।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’

