EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুবি শিক্ষকের আহাজারি

‘আমার ছেলেকে কেন হত্যা করা হলো, জবাব চাই’

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

‘আমার ছেলেকে কেন হত্যা করা হলো, জবাব চাই’

ছেলেকে হারিয়ে আহাজারি করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম/ ছবি ডেইলি সান

অ অ

‘কুমিল্লায় চাকরি করতে এসেছি এটাকি আমার অপরাধ। আমার ছেলেকে কেন হত্যা করা হলো। আমি এর জবাব চাই। আমি এখন কেমনে বাঁচব’— নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ (১৩) উদ্ধারের পর বাসায় এভাবে আহাজারি করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

ঘটনাস্থল ঘুরে সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী তাদের বাসায় সমবেদনা জানাতে গেলে অপ্রতিমের মা বলেন, ‘আমার একটি মাত্র ছেলে তাকে কেন এভাবে হত্যা করা হলো। মরদেহ উদ্ধারের খবরে কুবির শিক্ষক ও  শিক্ষার্থীরা অপ্রতিমের মা বাবাকে শান্তনা দিতে বাসায় ছুটে  যান। এ সময় বাবা মায়ের  বুক ফাটা কান্না ও আহাজারী দেখে তাদের শান্তিনা দিতে দেখা যায়।’

এ সময় এমপি মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। একজন মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সন্দেহজনকভাবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সানন্দা এলাকাতেই। তার পিতার নাম নুরুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার পরিদর্শক  মহিবুল আলম ভুঁইয়া।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কুবি শিক্ষকের ছেলেকে হত্যা, আটক ৩

কুমিল্লার এসপি আনিসুজ্জামান বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে আছে একজন ব্যক্তি, জিজ্ঞাসাবাদ চলছে। আমি এখান থেকে যাওয়ার পরে এই হত্যাকান্ডের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখবো, তদন্ত করবো এবং প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করবো।

এদিকে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

ওসি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তাকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা ছিলেন।

এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। প্রায় আধা ঘণ্টা পর, সাড়ে ৭টার দিকে আটক করা হয় ফাহিমকে।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’

আরও পড়ুন