চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক, বিপুল ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের থেকে অর্ধশতাধিক ল্যাপটপ ও শতাধিক মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। তবে অভিযান শেষ না হওয়ায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া অভিযান শেষে শুক্রবার দুপুরে আটক বিদেশিদের ৮তলা ভবনটি থেকে সরিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক বিদেশি নাগরিকদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে আটক বিদেশিরা বাড়িটি ভাড়া নিয়েছিল গত ১৮ আগস্ট। এরপর থেকে তারা ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে বিদেশিদের এই চক্রটি এখানে অবস্থান করে অনলাইন প্রতারণা চালিয়ে যাচ্ছিল।
তিনি জানান, এ ধরনের চক্রের খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েন। তারা কী ধরণের প্রতারণা করতো তা খতিয়ে দেখতে ডিভাইসগুলো পরীক্ষা করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৬৩ জনকে আটক করা হয়েছে। তারা ভবনটি ভাড়া নিয়ে অনলাইন স্ক্যামিং করতেন। এছাড়া আরও কারা এর সঙ্গে সংশ্লিষ্ট, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে অর্ধ শতাধিক ল্যাপটপ ও শতাধিক মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, বিপুল পরিমাণ ল্যাপটপ, কম্পিউটার এবং চীনের পুলিশের র্যাঙ্ক ব্যাজ ও পুলিশের লোগোযুক্ত টাই জব্দ করা হয়।
কক্সবাজারের ওই অভিযানের পর পুলিশ জানিয়েছিল, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিক মেরিন ড্রাইভের বিভিন্ন রিসোর্ট ভাড়া নিয়ে অনলাইনে সাইবার অপরাধ পরিচালনা করছিল। হোটেলের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিউ, ৩০টি কিবোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
চীন ও তাইওয়ানের কয়েক শ’ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দু’টি হোটেলে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তবে পুলিশের অভিযানের পর তারা কক্সবাজার থেকে সটকে পড়েন।
-6a9ad0f36a876.jpg)