বাদামতলীতে অবৈধ পার্কিং-দোকান উচ্ছেদে ডিএসসিসির নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম
পুরান ঢাকার বাদামতলী মার্কেটসংলগ্ন এলাকার সব অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের সহায়তা চান। বিষয়টি জানার পরপরই প্রশাসক অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
ডিএসসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেন, সরকারি কোনো দপ্তর থেকে এমন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত পাওয়া প্রেরণাদায়ক। এ সিদ্ধান্তের ফলে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হবে। এতে বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট কমানো যাবে।
এদিকে একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি ডিএসসিসির নজরে এসেছে।
এর পরিপ্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের মোট ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট খোলা জায়গায় এই কার্যক্রম চলছিল।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য কাজ করে। নাগরিকদের ভোগান্তি হয় বা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ তারা করবে না। অন্য কাউকেও তা করতে দেওয়া হবে না।
-6a8987cf33ad4.jpg)