সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করে তোলা হবে: ডিএনসিসি প্রশাসক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
সবার সহযোগিতায়, সবাই মিলে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনার আলোকেই এই দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এসেছে, যা একটি টেকসই পরিবেশ বিনির্মাণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে এবং মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ প্রধান সড়কসমূহের মিডিয়ানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।