ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে সরকারি ও বিরোধী দলের এক হয়ে কাজ করার ঘোষণা
উন্নত ঢাকা গড়ার প্রত্যয়
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-১৫ আসনের জনগণের পানি ও গ্যাস সংকট নিরসন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দ। বুধবার (১ জুলাই) রাজধানীর ৪টি স্থানে পৃথক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
এলাকার উন্নয়নে ঐক্যমত পোষণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ সকাল ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলি থেকে এই আনুষ্ঠানিক সরজমিন পরিদর্শন ও মতবিনিময় শুরু হয়। পরে নেতৃবৃন্দ পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নম্বর ওয়ার্ড এলাকা এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির তীব্র সংকট এবং ডেঙ্গু পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং তা রেখেছেন। এরই আলোকে আজ প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি। এলাকায় পানির সংকট, গ্যাস ও কিশোর গ্যাংয়ের মতো বড় সমস্যা রয়েছে। এগুলো শুধু সরকারের একার পক্ষে সমাধান সম্ভব নয়। এর জন্য সরকারি দল, বিরোধী দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ এ সময় তিনি এই ব্যতিক্রমী জনকল্যাণমুখী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব, অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা ১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে। আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে এলাকার সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি, সকল উন্নয়ন কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত থাকবে।’
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। ঢাকা-১৫ আসনের সকল উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন। আমরা সরকারি ও বিরোধী দল মিলেমিশে জনগণের কল্যাণে যা কিছু ভালো, তাই করে যাব।’ তিনি ডেঙ্গু ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে ডিএনসিসিকে সহযোগিতা করার আহ্বান জানান।
পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার তীব্র পানির সংকট দূর করতে তাৎক্ষণিকভাবে পাঁচটি নতুন পানির পাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাম্প স্থাপনের জন্য দ্রুত স্থান নির্বাচন করতে স্থানীয় জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলীয় নেতা, প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে তাঁদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা ওয়াসার এমডি, তিতাস গ্যাসের এমডি, ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।