EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যমুনায় পানি বাড়ছে, সিরাজগঞ্জের চর সলিমাবাদে ১২০ মিটার নদীগর্ভে বিলীন

চৌহালীতে ৫-৬টি বাড়ি ও ফসলি জমি গ্রাস করেছে যমুনা; জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা পাউবোর

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম

যমুনায় পানি বাড়ছে, সিরাজগঞ্জের চর সলিমাবাদে ১২০ মিটার নদীগর্ভে বিলীন

ছবি: সংগৃহীত

অ অ

যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের চরাঞ্চলে নতুন করে ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ পয়েন্টে ইতিমধ্যে প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত তিন দিনে যমুনার পানি কাজীপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বেড়েছে। তবে, পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে— কাজীপুর পয়েন্টে ৩ দশমিক ২ মিটার এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ২ দশমিক ৬৫ মিটার নিচে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘উজানের পানির চাপ ও বৃষ্টির কারণে আগামী কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই দফায় পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম।’

পাউবোর আরেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মওদুদ আহমেদ সবুজ জানান, ‘চর সলিমাবাদ এলাকায় নতুন একটি চর জেগে ওঠায় নদীর মূল স্রোত সরাসরি তীরে এসে আঘাত করছে। এ কারণেই আকস্মিক ও তীব্র ভাঙন শুরু হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনার পানি অন্তত পাঁচবার ওঠা-নামা করেছে, যা ভাঙনকে আরও ত্বরান্বিত করেছে।’

গত কয়েক দিনে চর সলিমাবাদে পাঁচ থেকে ছয়টি বাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। অনেক পরিবার ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ‘গত ৪ জুন মাত্র এক দিনের ব্যবধানে যমুনা আমার ঘরটা গিলে খেল। ঘরের কোনো জিনিসপত্র বের করার সময়ও পাইনি।’

বৃহস্পতিবার পাউবোর উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত চর এলাকা পরিদর্শন করেছেন এবং পরবর্তী প্রতিরক্ষামূলক কাজের দিকনির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন