EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যার আভাস

আগামী তিন দিন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং উজান এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৬ পিএম

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যার আভাস

ছবি: সংগৃহীত

অ অ

ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (১৫ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

পাউবো জানায়, উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আগামী তিন দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিন কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিনে কিছুটা বাড়তে পারে, তবে বিপদসীমার নিচে থাকবে বলে জানানো হয়েছে। গঙ্গা-পদ্মার পানিও একই সময়ে বাড়লেও বিপদসীমার নিচে থাকবে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বাড়ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগের দুধকুমার নদীর পানি বাড়লেও তিস্তা ও ধরলা আপাতত স্থিতিশীল রয়েছে। চট্টগ্রাম বিভাগে কিছু নদীর পানি বাড়লেও কয়েকটিতে হ্রাস পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২০ জুনের পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা চলমান ভ্যাপসা গরম কিছুটা কমিয়ে আনবে। তবে চলতি জুন মাসে সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

আরও পড়ুন