EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলীর পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

২৫ বছর আগে দৃষ্টিশক্তি হারিয়ে স্ত্রীকে নিয়ে ক্রেতার বিশ্বাসে চালান দোকান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলীর পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

নওগাঁর ধামইরহাটে দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলীর দোকানে গিয়ে পণ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানের উত্তর প্রান্তে সীমান্ত পিলার ঘেঁষা এলাকায় আইয়ুব আলীর দোকানে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলী বলেন, ‘গত ২৫ বছর পূর্বে আমার দুইচোখে সমস্যা দেখা দেয়। চোখের প্রেসারে আমি পরবর্তীতে দুই চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। জীবিকার তাগিদে সেই থেকে আমি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। আমাকে ব্যবসায় সহযোগিতা করেন আমার স্ত্রী আক্তার বানু। আমার মত একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আমার দোকানে নিত্য প্রয়োজনীয় মালামাল প্রদান করায় অভাব অনটন কিছুটা দূর হবে। এতে আমার সংসার চালাতে পারব। আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।’

আইয়ুব আলীর স্ত্রী আক্তার বানু জানান, ‘দুই ছেলে দুই মেয়ে থাকার পরও অন্ধ মানুষটিকে দু’মুঠো ভাতের জন্য দোকানদারী করতে হচ্ছে। ছেলে মেয়েদের বিয়ে দেয়ার পার ছেলেরা আলাদা হয়ে গেছে। তাই বাধ্য এ বয়সে ক্রেতার উপর বিশ্বাস রেখে ব্যবসা করতে হচ্ছে। আমাদের জীবিকার কথা চিন্তা করে যে সহায়তা প্রদান করা হয়েছে তা দিয়ে যেন আমরা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে যেতে পারি। আমরা সকলের নিকট দোয়া প্রার্থনা করি।’

ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম জানান, ‘একজন অন্ধ মানুষ জীবিকার তাগিদে ক্রেতাদের উপর বিশ্বাস রেখে ব্যবসা করছেন— এর থেকে বড় কিছু আর নেই। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে মানবিক সহায়তার কোন বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এই সহায়তা তার ব্যবসা পরিচালনায় নতুন করে উদ্দীপনা জোগাবে। পাশাপাশি তাকে আত্মনির্ভরশীল হওয়ার পথে আরও এগিয়ে আনবে।’

ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ- এর মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক মো. হারুন আল রশীদ, সাংবাদিক রেজুয়ান আলম, সাংবাদিক মুমিনুল ইসলাম এবং সংগঠনের সদস্য শাকিলা খাতুন।

আরও পড়ুন